গ্রীষ্ম এলেই নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিরা চিত্তবিনোদনের জন্য নানান আয়োজনে মেতে ওঠেন। সাপ্তাহিক ছুটির দিনে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বনভোজনসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠােনর আয়োজন করেন। স্থানীয় সময় রবিবার দুপুরে নিউইয়র্কের হাডসন ও ইন্ট রিভারে নৌবিহারের আয়োজনের মাধ্যমে প্রবাসীদের চিত্তবিনোদনের সুযোগ করে দেয় বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান শো’টাইম মিউজিক অ্যান্ড প্লে (এসএমপি)।
অত্যধুুনিক ও বিলাসবহুল জাহাজে দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি উপভোগ করেন মতমাতানো সাংস্কৃতিক পরিবেশনা। এতে ছিল অভিনয়, নাচ, গান ও ফ্যাশন শো। নিউইয়র্কের হাডসন ও ইন্ট রিভারে প্রায় চার ঘণ্টার এই নৌবিহার চলাকালে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ততায় জাহাজটি পরিণত হয় একখণ্ড বাংলাদেশে।
ঢাকা থেকে আসা জনপ্রিয় সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীন ও সায়েরা রেজার গান সবাই দারুণ উপভোগ করেন। এছাড়া হাছন রাজা সিনেমার কিছু অংশ অভিনয় করে দেখান চিত্রনায়ক হেলাল খান। সাংস্কৃতিক পর্বে আরও সঙ্গীত পরিবেশন করেন জাকারিয়া মহিউদ্দিন, রানো নেওয়াজ, নাজিয়া লীনা, রুবিনা শিল্পী, সেলিম ইকবাল, নূরুজ্জামান লাল্টু, বীণা বর্মন প্রমুখ।
IMG0
অনুষ্ঠানে নৃত্য ও ফ্যাশন শো’ পরিবেশন করে মাজেদ ডিজায়ার এবং সাংস্কৃতিক পর্বের সঞ্চালক ছিলেন শিবলী ছাদেক। শুভেচ্ছা বক্তব্য দেন ইমপ্রেস গ্রুপ ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আই’র পরিচালক জহির উদ্দিন মামুন, প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী নাসরিন কে. আহমেদ, উদ্বোধক মো. শাহনেওয়াজ, জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, রাজনীতিবিদ হাজী আব্দুর রহমান, জেবিবিএ’র সাবেক কার্যকরী সদস্য হাসান জিলানী, ব্যবসায়ী মাকসুদুর রহমান, রাজনীতিবিদ আলহাজ আবু তাহের, কমিউনিটি অ্যাক্টিভিস্ট শাহাবুদ্দিন চৌধুরী লিটন এবং আয়োজক প্রতিষ্ঠান শো’টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি রাশেদ আহমেদ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেবিবিএ’র সাবেক সহ-সভাপতি হারুণ ভূঁইয়া ও গিয়াস মজুমদার, রাজনীতিক আবু সাঈদ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। ৫ ডলারের বিনিময়ে প্রথম পুরস্কার ছিল ঢাকা-নিউইয়র্ক রিটার্ন টিকিট। এই পুরস্কারটি জিতেছেন জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান।
ইত্তেফাক/এমআই