৭ বছরে ৩ বিলিয়ন ডলার রেমিটেন্স স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের মাধ্যমে

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের মাধ্যমে নিউইয়র্ক প্রবাসীরা গত ৭ বছরে ৩ বিলিয়ন ডলার রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
 
সম্প্রতি আট বছরে পদার্পন করেছে স্ট্যান্ডার্ড এক্সপ্রেস। এ উপলক্ষে এয়াজন করা হয় মতবিনিময় অনুষ্ঠানটির। স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশীদ এবং ব্যাংকের শরীয়া সুপারভাইজরি কমিটির সদস্য কাজী খুররম আহমেদ, স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মালেক অনুষ্ঠানে বক্তব্য দেন।
  
মতবিনিময় অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ স্ট্যান্ডার্ড ব্যাংক ও স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সাফল্য তুলে ধরে প্রবাসীদের বৈধপথে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান। এছাড়াও তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
 
কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, সামাজিক নিরাপত্তা সূচকে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল। বিদেশিরা এখন বাংলাদেশকে ঋণ দিতে চায়। তিনি উল্লেখ করেন, যমুনা সেতু নির্মাণের পরিপ্রেক্ষিতে উত্তরবঙ্গ থেকে মঙ্গার বিলুপ্তি ঘটেছে। এখন পদ্মা সেতু হলে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হারে বার্ষিক যোগ হবে ১ দশমিক ৫ শতাংশ করে। অর্থাৎ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশের এগিয়ে চলা ত্বরান্বিত হবে এবং সে জন্যেই শেখ হাসিনা ও তার সরকার এই সেতু নির্মাণের প্রকল্পকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন।
 
ইত্তেফাক/এমআই