মিরপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

রাজধানীর মিরপুরে র‌্যাব-৪ এর একটি টিমের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম ইব্রাহীম ওরফে পাইলট বাবু (৩৪)। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। তিনি আইন শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ছিলেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
 
র‌্যাব সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে মিরপুর বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসিয়ে র‌্যাব-৪ এর একটি দল তল্লাশি করছিল। ওই সময় একটি মোটরসাইকেলের দুই আরোহী ওই পথ দিয়ে যান। র‌্যাব তাদের থামার জন্য সংকেত দিলে তারা র‌্যাবের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাদের থামানোর চেষ্টা করলে মোটরসাইকেল আরোহীরা চেকপোষ্ট লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। ওই সময় র‌্যাব সদস্যরা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পকেটে থাকা একটি পরিচয়পত্র থেকে ইব্রাহীম নাম জানা যায়। ঘটনাস্থল থেকে ছয় হাজার পিস ইয়াবা ও বিস্ফোরিত বোমার অংশ উদ্ধার করা হয়েছে।
 
র‌্যাব-৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবীর বলেন, নিহত ইব্রাহীম মিরপুর এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত ছিল। এলাকায় তাকে সবাই পাইলট বাবু নামে চিনতো। এখন পর্যন্ত তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ১৫টি মামলার তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, ইব্রাহীমের সঙ্গে এলাকার অপর এক মাদক ব্যবসায়ী নজরুল ইসলাম ওরফে নজুর সঙ্গে ঘনিষ্ঠতা ছিল। এই নজরুল গত মাসে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। তারা দু’জনে মিলে মিরপুর এলাকায় মাদকের ব্যবসার বড় একটা অংশ নিয়ন্ত্রণ করতো।
 
ইত্তেফাক/এমআই