শেখ হাসিনার নেতৃত্বে জনগণ বিশ্বাস রেখেছে: নৌ প্রতিমন্ত্রী

দেশের মানুষ অর্থনৈতিক মুক্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বিশ্বাস রেখেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। 

শনিবার জাতীয় প্রেস ক্লাবে সামাজিক সংগঠন ‘ধরিত্রী বাংলাদেশ’ এর ১৫ বছর পূর্তি উপলক্ষে ‘পৃথিবী আমার, দেশ আমার, সমাজ আমার, কাজও আমার’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব কালীন বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর উপযুক্ত সময় মন্তব্য করে খালিদ মাহমুদ বলেন, বহুমাত্রিক সমস্যা মোকাবিলা করে একটা দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মত নেতৃত্ব শেখ হাসিনা ছাড়া পৃথিবীতে আর দ্বিতীয় কোনো দেশে নেই। 

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ আ ম স  আরেফিন সিদ্দিক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসএম ইমামুল হক, বিশ্ব শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাহফুজা খানম, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ডালিম চন্দ্র বর্মণ, মিডিয়া ব্যক্তিত্ব নওয়াজীশ আলী খান এবং সংগঠনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

আরও পড়ুন: রাজশাহীতে কিশোরী ধর্ষণের চেষ্টায় স্বামীকে পুলিশে দিলেন স্ত্রী

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের  চেয়ারম্যান অধ্যাপক ড. তাওহীদা রশীদ।

ইত্তেফাক/অনি