বল হাতে সাকিবের দুর্দান্ত নৈপুণ্যের পর ব্যাট হাতে বিপর্যস্ত বাংলাদেশ। জয়ের জন্য ৩৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে ১৬৬ রানে। এতে দুই ম্যাচ সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে সাকিবই সর্বোচ্চ ৫৪ রান করেন। জ্যাসন হোল্ডার ৫৯ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।
এর আগে সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে ১২৯ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ২০৫ রানে এগিয়ে ছিল ক্যারিবীয়রা। ফলে বাংলাদেশের জয়ের জন্য ৩৩৫ রানের লক্ষ্য নির্ধারিত হয়।
প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৪ রানের জবাবে বাংলাদেশ ১৪৯ রানে অলআউট হয়ে যায়। এতে ফলোঅনের সুযোগ পেয়েও বাংলাদেশকে দ্বিতীয়বার ব্যাটিংয়ে না নামিয়ে নিজেরাই দ্বিতীয় ইনিংসে খেলতে নামে ক্যারিবীয়রা। শুক্রবার দ্বিতীয় ইনিংসে এক উইকেটে ১৯ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করে তারা।
শনিবার তৃতীয় দিনে বাংলাদেশের বোলারদের দাপটের কাছে তারা বেশিদূর যেতে পারেনি জ্যাসন হোল্ডারের দল। রোস্টন চেসের সর্বোচ্চ ৩২ রানের ইনিংসে ভর করে ১২৯ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সাকিব ৩৩ রানের বিনিময়ে ছয়টি নেন। এছাড়া প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া মেহেদি হাসান মিরাজ এই ইনিংসে নেন দুটি উইকেট।
ইত্তেফাক/কেআই