ক্রিকেট যদি তাঁর ধ্যান-জ্ঞান হয়ে থাকে, তবে সৌরভ গাঙ্গুলীর ফুটবল প্রেম নিয়েও কোনও সংশয় নেই ক্রীড়ামহলের। আইএসএল ফ্র্যাঞ্চাইজি অ্যাটলেটিককো ডি কলকাতার অন্যতম মালিক তিনি। খেলোয়াড় জীবনে সুযোগ পেলে প্রায়ই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়তেন। জুবিলি ম্যাচে মহামেডানের স্পোর্টিংয়ের জার্সিতে ময়দান কাঁপিয়েছেন প্রিন্স অব ক্যালকাটা।
বর্তমানে ভাষ্যকর হিসেবে লন্ডনে আছেন সৌরভ। সেখানে লর্ডসে দ্বিতীয় একদিনের ম্যাচের ধারাবিবরণী দিয়ে লন্ডন থেকে সোজা মস্কোর বিমান ধরলেন টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়ক। গন্তব্য লুজনিকি স্টেডিয়াম। উদ্দেশ্য, বিশ্বকাপ ফাইনালের সাক্ষি থাকা।
ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার লড়াই দেখতে রাশিয়া উড়ে যাওয়ার কথা সৌরভ নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান অনুরাগীদের। সঙ্গে পোস্ট করেন বিমানে বসা নিজের একটি ছবি। মার্ক নিকোলাসের সঙ্গে লর্ডসের কমেন্ট্রি বক্সে যে পোশাকে ছিলেন সৌরভ, সেই একই পোশাকে মস্কোর বিমান ধরেন তিনি।
IMG0
টুইটে সৌরভ লেখেন, ‘ক্রিকেটের একটা লম্বা দিনের শেষে বিশ্বকাপ ফাইনাল দেখতে মস্কোর পথে।’ পরে মস্কোয় পা দিয়ে আরও নিজের কয়েকটা ছবি পোস্ট করেন মহারাজ। ফিফার অফিসিয়াল ফ্যান আইডি গলায় ঝুলিয়ে একটা ছবির ক্যাপশনে সৌরভ লেখেন, ‘বিশ্বকাপ ফাইনালের জন্য মস্কোয়… আসাধারণ আবহ।’ অপর একটি সেলফিতে শুধু ‘মস্কো’ লিখেই রকাজ সারেন তিনি।
ফুটবলের বড় আসরে সৌরভের উপস্থিতি এই প্রথম নয়। এর আগে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখতে গিয়েছিলেন তিনি। সুযোগ পেলেই লা-লিগা ও প্রিমিয়ার লিগের ম্যাচ দেখতেও গ্যালারিতে হাজির হন দাদা।
ইত্তেফাক/রেজা