g স্পোর্টস রিপোর্টার
এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত এসিসি ইমার্জিং এশিয়া কাপ শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। টুর্নামেন্টের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলও চূড়ান্ত করে ফেলেছেন নির্বাচকরা। গতকাল কোচ চম্পকা রমানায়েকের সঙ্গে মিটিং করেছেন নির্বাচকরা। দল গঠনের পর তা পাঠানো হয়েছে বিসিবি সভাপতির অনুমোদনের জন্য। আজ-কালের মধ্যেই ঘোষণা করা হবে ইমার্জিং কাপের দল।
জাতীয় দল ব্যস্ত আন্তর্জাতিক সিরিজে। ঘরোয়া ক্রিকেটে চলছে প্রথম শ্রেণির টুর্নামেন্ট বিসিএল। এর মাঝেই ইমার্জিং কাপের জন্য দল তৈরির কাজটা সহজ ছিল না। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ইমার্জিং কাপে তরুণদের ভালো সুযোগ দেখছেন। ভবিষ্যতের ক্রিকেটারদের দেখার মঞ্চ হিসেবেই এই টুর্নামেন্টকে বিবেচনা করছেন নির্বাচকরা।
গতকাল মিরপুর স্টেডিয়ামে প্রধান নির্বাচক বলেছেন, ‘আমরা ১৫ জনের স্কোয়াড প্রস্তুত করে দিয়েছি। এটা সভাপতির অনুমোদনের জন্য পাঠিয়েছি আমরা। মোটামুটি একটা ভাল দল দাঁড় করিয়েছি যেহেতু এই টুর্নামেন্টটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু ওয়ানডে খেলা হয় সেহেতু আমি মনে করি কিছু তরুণ খেলোয়াড় সুযোগ পাবে, যেটা ওদের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম। এবং ভবিষ্যতে যদি কিছু খেলোয়াড় দেখার থাকে আমরা এই টুর্নামেন্ট দেখবো। আশা করি একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হবে।’
দুই দেশে হবে ইমার্জিং কাপ। পাকিস্তানের করাচিতে হবে ‘বি’ গ্রুপের খেলা। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, আরব আমিরাত ও স্বাগতিক পাকিস্তান। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে ‘এ’ গ্রুপের সব ম্যাচ ও টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, আফগানিস্তান, ওমান ও স্বাগতিক শ্রীলঙ্কা।
টেস্ট খেলুড়ে দেশগুলো অনূর্ধ্ব-২৩ দলই পাঠাবে। তবে দলে ২৩ বছরের বেশি বয়সী চার ক্রিকেটার খেলানোর সুযোগ পাবে তারা। সহযোগী দেশগুলো পাঠাবে তাদের জাতীয় দল। আন্তর্জাতিক সিরিজ, ঘরোয়া ক্রিকেটের মাঝেও বাংলাদেশের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে বলেই বিশ্বাস মিনহাজুল আবেদীন নান্নুর বিশ্বাস।
গতকাল তিনি বলেছেন, ‘এটা কঠিন। কারণ ঘরোয়া ক্রিকেটে আমাদের প্রথম শ্রেণির ক্রিকেট চলছে। এখান থেকে প্লেয়ার বের করা, তারপরেও বয়সের ব্যাপারটা, কারণ ২৩ এমন একটা জায়গা এখানে ব্যালেন্স করাটা খুব কঠিন। তো সেই হিসেবে যেহেতু করতেই হচ্ছে যারা ১৯ পার হয়ে গিয়েছে এবং আবার একটা সুবিধা আছে চারজন ২৩’র বেশি বয়সী আমরা খেলাতে পারবো। সেহেতু একটা সুবিধা আছে এক জায়গায়। সেই হিসেবে মাথায় রেখে টিমটা তৈরি করেছি। মোটামুটি ভালো একটা ব্যালেন্স দলই হয়েছে।’
টুর্নামেন্টের সর্বশেষ আসর হয়েছিল চট্টগ্রাম ও কক্সবাজারে। চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা। প্রধান নির্বাচকের আশা, এবার ভালো করবে বাংলাদেশ দল। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমার মনে হয় এই প্রতিযোগিতায় আমাদের দল ভালো করবে। যেহেতু পাকিস্তানে অনেক দিন পরে খেলতে যাচ্ছে। করাচির উইকেটটা একটু ফ্ল্যাট হয়। আমার বিশ্বাস আমাদের ব্যাটসম্যান, পেস বোলার, স্পিন কম্বিনেশনটা ভালো হয়েছে।’