অন্য ভূমিকায় ফিরবেন ডি ভিলিয়ার্স!

মাত্র কিছুদিন আগেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এরই মধ্যে সম্ভাবনা তৈরি হয়েছে যে, আবার দক্ষিণ আফ্রিকা দলে দেখা যাবে এবি ডি ভিলিয়ার্সকে। তবে সেটা খেলোয়াড় হিসেবে নয়, ব্যাটিং পরামর্শক হিসেবে। ভিলিয়ার্স খুব দ্রুতই এই কাজ শুরু করছেন, তা নয়। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত পূর্ণকালীন প্রধান নির্বাহী থাবাং মুর বলেছেন, নিকট ভবিষ্যতে ডি ভিলিয়ার্সকে এই ভূমিকায় দেখা যেতে পারে।
 
গত সেপ্টেম্বর থেকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ছিলেন মুর। তিনি বলছেন, অবসর নেওয়ার কয়েক দিনের মাথায় তার সাথে ডি ভিলিয়ার্সের কথা হয়েছে। তাতে তিনি মনে করছেন, ডি ভিলিয়ার্স কোচিং করাতে আগ্রহী। মুর বলেছেন, ‘ও ইঙ্গিত দিয়েছে যে, সে এরকম কিছুর জন্য মুখিয়ে আছে। তবে কীভাবে সে কাজটা করতে চায়, সে নিয়ে আমাদের আলাপ করতে হবে।’
 
মুর তার পূর্ণ দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে বলছিলেন, ডি ভিলিয়ার্সকে তারা এমন দায়িত্ব দিতে চান, যাতে এই ব্যাটসম্যান পরিবারের সাথে বেশি সময় কাটাতে পারেন, ‘এবি কিছুদিন আগেই পরিবারের সাথে আরো সময় কাটানোর কথা বলেই অবসর নিয়েছে। এখন ওকে যদি আমরা ডেভেলপমেন্ট বা পাইপলাইন কাঠামোতে দিয়ে দেই, ওকে বাড়ি থেকে বাইরে জাতীয় দলের চেয়ে আরও বেশি সময় কাটাতে হবে। ফলে এটা ওর জন্য মানানসই হবে না।’
 
ডি ভিলিয়ার্স অনেকদিন ধরেই পরিবারকে একটু বেশি সময় দেওয়ার জন্য চেষ্টা করছেন। ২০১৬ সালে এই আধুনিক ক্রিকেটের গ্রেট ব্যাটসম্যান পরিবারকে বেশি সময় দেবেন বলে টেস্ট খেলা থেকে বিরতিও নিয়েছিলেন। পরে ২০১৭ সালের ডিসেম্বরে আবার ফেরত আসেন। ফেরত আসার পর সাতটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি করেছেন টেস্টে। কিন্তু খেলায় আর মন বসাতে পারেননি। শেষ পর্যন্ত পরিবারকে সময় দেবেন বলেই আন্তর্জাতিক খেলা ছেড়ে দিয়েছেন। তবে আইপিএল ও নিজেদের দেশের ঘরোয়া ক্রিকেটে খেলে যাবেন বলে জানিয়ে দিয়েছেন।
 
ডি ভিলিয়ার্সের এই দারুণ ক্ষমতাকে যে কোনো আকারেই যে কোনো দল কাজে লাগাতে চাইবে। তবে দক্ষিণ আফ্রিকা এ ক্ষেত্রে আলোচনা করে প্রয়োজনে সময় নিয়ে এগোতে চায়। মুর বলছিলেন, ‘আমাদের এ নিয়ে বসতে হবে এবং একমত হতে হবে যে, আমরা আসলে কিভাবে কাজটা একসাথে করতে পারি, কখন করতে পারি। সবকিছুর বিস্তারিত ঠিক করতে হবে। তবে এটুকু বলতে পারি যে, সে কাজটা করতে চায়।’
 
ডি ভিলিয়ার্স আগে কখনো কোচিং করাননি। তবে আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনি লেভেল-টু কোর্স এমনিতেই পাশ করা বলে বিবেচিত হবেন।
 
ইত্তেফাক/কেকে