কুমিল্লা নগরীতে ধীরগতিতে চলছে সংস্কার কাজ

জনাকীর্ণ কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে সড়ক ও ড্রেনের সংস্কার কাজ চলায় জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের ওপর স্তূপ করে খননের মাটি-আবর্জনা, নির্মাণ সামগ্রীর কারণে ভোগান্তি হচ্ছে চলাচলকারী ও যানবাহনের। অবিলম্বে এ ভোগান্তি নিরসনে দ্রুতগতিতে কাজ সম্পন্ন করার জন্য নগরবাসীর দাবি।

সিটি করপোরেশন সূত্র জানায়, বর্তমানে জাইকার অর্থায়নে নগরীর ৪০.৫২ কিলোমিটার রাস্তা, ২২.১৯ কিলোমিটার ড্রেন নির্মাণ, ২৮.০৭ কিলোমিটার খাল খনন, ৪টি ব্রিজ ও কালভার্ট নির্মাণ, ২৫৫০টি স্ট্রিট লাইট স্থাপন ও ৯টি উত্পাদক নলকূপ স্থাপনের কাজ চলমান রয়েছে। আর এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১৬৯ কোটি টাকা। বর্তমানে এসব কাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ— ড্রেন সংস্কারে দিনের বেলায় ময়লা-আবর্জনা তুলে সড়কের যত্রতত্র ফেলে রাখা হচ্ছে। আর এতে সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। বর্তমানে কুমিল্লা শহরের কেন্দ্রবিন্দু কান্দিরপাড় লিবার্টি সিনেমা হল সংলগ্ন ব্যস্ততম চারমুখী সড়কের সংযোগস্থলে সড়কে নির্মাণসামগ্রী রেখে দিনের বেলায় কালভার্ট নির্মাণের কাজ ধীরগতিতে চলছে। এতে তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি ধুলাবালিতে আচ্ছন্ন হচ্ছে এলাকা। নগরীর মনোহরপুর, ফৌজদারি মোড়, প্রেসক্লাব, জিলা স্কুল সড়ক, উজির দীঘিরপাড়, দক্ষিণ চর্থা মহিলা কলেজ-ইপিজেড সড়ক, টমছমব্রিজ-মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-কোটবাড়ি সড়কসহ বিভিন্ন এলাকায় জনদুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। তারা দ্রুত এ সমস্যা থেকে পরিত্রাণ চান।

সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি বদরুল হুদা জেনু বলেন, ‘নগরীর পরিকল্পিত উন্নয়ন হোক এটা জনগণ প্রত্যাশা করে; কিন্তু নগরবাসীর স্বাভাবিক চলাচল বিঘ্নিত হওয়া কাম্য নয়। এ ব্যাপারে সিটি মেয়রসহ সংশ্লিষ্টদের নজর দেওয়া প্রয়োজন।’

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘বছরের এ সময়টি উন্নয়ন কাজ পরিচালনার জন্য উপযুক্ত সময়। আগামী ৩ বছরের মধ্যে কুমিল্লা সিটিকে একটি দৃষ্টিনন্দন আধুনিক সিটিতে রূপান্তর করা হবে, সেই লক্ষ্যে সকল প্রক্রিয়া গ্রহণসহ উন্নয়ন কাজ চলছে। এ কাজের জন্য জনগণকে কিছুটা কষ্ট সহ্য করতে হবে।’