বাবরি মসজিদ চত্বরে রাম মন্দিরের দাবিতে লাখ হিন্দুর সমাবেশ

বাবরি মসজিদ চত্বরে দ্রুত রামমন্দির নির্মাণের দাবিতে বিশাল জনসমাবেশ করেছে বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। রবিবার ভারতের অযোধ্যায় এই জনসমাবেশ হয়। এ সময় সমাবেশে তলোয়ার হাতে রাম মন্দির সমর্থকদের মিছিল করতে দেখা যায়।

শিবসেনার এই সভায় যোগ দিতে অন্তত ১৫টি ট্রেন ভর্তি করে মহারাষ্ট্র থেকে হাজার হাজার ‘শিবসৈনিক’ অযোধ্যায় আসেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ বা আরএসএসের সমর্থকরাও সেখানে যোগ দেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাপিড অ্যাকশন ফোর্স ও অ্যান্টি-টেররিজম স্কোয়াডের পাঁচটি কোম্পানি এখন অযোধ্যায় মোতায়েন আছে। প্রভিন্সিয়াল আর্মড কনস্টেবুলারির ৪২টি কোম্পানি ও পুলিশকর্মীরাও শহরে টহল দিচ্ছেন। 

উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব মনে করছেন, এই নিরাপত্তা যথেষ্ট নয়, অযোধ্যার যা পরিস্থিতি, তাতে যত দ্রুত সম্ভব সেনাবাহিনী মোতায়েন করা দরকার।

বিশ্ব হিন্দু পরিষদের ‘ধর্ম সংসদ’ নামের সমাবেশ থেকে তাদের নেতা ও সাধুসন্তরা দাবি তুলেছেন, আদালতের অপেক্ষায় না থেকে সরকারকে অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশ জারি করে হলেও মন্দির নির্মাণের প্রক্রিয়া শুরু করতে হবে। শিবসেনার নেতা উদ্ধব ঠাকরে হুঁশিয়ারি দিয়েছেন, মন্দির বানানো না হলে বিজেপি কিছুতেই ক্ষমতায় ফিরতে পারবে না।

এদিকে কট্টর হিন্দুদের সমাবেশ নিয়ে অযোধ্যায় মুসলিম বাসিন্দাদের মধ্যে বেশ কয়েকদিন ধরেই আতঙ্ক চলছে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ও বাবরি মসজিদ অ্যাকশন কমিটির সদস্য জাফরইয়াব জিলানি বলছেন, গত এক সপ্তাহ ধরে বিশ্ব হিন্দু পরিষদ অযোধ্যায় যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে তাতে শহরের মুসলিমরা ভয়ে আছেন।

এ মাসের প্রথম দিকে ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিল, রামমন্দির-বাবরি মসজিদ নিয়ে যে মামলা চলছে তাতে তাড়াহুড়ো করে শুনানি করার ব্যাপারে তারা মোটেই আগ্রহী নন।  জানুয়ারিতে স্থির করা হবে ওই মামলায় পরবর্তী শুনানি কবে হবে। তখন থেকেই বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন দাবি তুলতে থাকে, রামমন্দির নির্মাণের জন্য সুপ্রিম কোর্টের ভরসায় বসে থাকলে চলবে না। খবর: বিবিসি

ইত্তেফাক/জেডএইচ