কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন খাতে যে উন্নয়ন হয়েছে তা এ দেশের অন্য কোন সরকারের পক্ষে সম্ভব হয়নি। আর এটি সম্ভব হয়েছে শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতার কারণেই।
তিনি বলেন, সরকার ধর্মীয় শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কওমি শিক্ষার জন্য আলাদা শিক্ষা বোর্ড গঠন, কারিকুলাম ও সিলেবাস প্রণয়নের কাজ কওমি শিক্ষকদের মাধ্যমেই বাস্তবায়ন করা হচ্ছে, যাতে দেশের সাধারণ শিক্ষার সঙ্গে কওমি শিক্ষার্থীরাও সরকারি সকল প্রকার সুযোগ-সুবিধা ভোগ করতে পারে।
আজ সোমবার তার নির্বাচনী এলাকা শেরপুরের নকলা উপজেলার উরফা ইউনিয়নে ইবতেদায়ী মাদরাসা ও কওমী মাদরাসার সেরা ২০ জন করে শিক্ষার্থীর মধ্যে সৌরবাতি বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, এ দেশের শিক্ষা ব্যবস্থায় কওমী মাদরাসা শিক্ষার গুরুত্বকে খাটো করে দেখার অবকাশ নেই। কারণ কোন প্রকার সরকারি সহযোগিতা ছাড়াই ব্রিটিশ আমল থেকে স্বাধীন বাংলাদেশের শিক্ষার উন্নয়নে তারাও কাজ করছেন।
মন্ত্রী বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিন বই দিবসে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া, অবৈতনিক নারী শিক্ষা, ছেলে-মেয়েদের মধ্যে উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করাসহ দ্রুত শিক্ষার হার বৃদ্ধির দৃষ্টান্ত স্থাপনে শেখ হাসিনার সরকার এখন বিশ্ব দরবারে মডেলে পরিণত হয়েছে।
ইত্তেফাক/এমআই