ভুয়া জন্মদিন পালন ও মুক্তিযুদ্ধকে ‘কলঙ্কিত’ করার অভিযোগে মানহানির দুই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস জামিনের আদেশ দেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে জামিন আবেদনের ওপর শুনানি করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। শুনানি শেষে আদালত দুপুর ২টার দিকে আদেশ দেবেন বলে জানান। পরবর্তীতে আদালত জামিনের আদেশ দেয়।
এর আগে গত ১১ জুলাই এ জামিনের আবেদন করা হলে ৩১ জুলাই শুনানির দিন ঠিক করেন একই বিচারক।
গত ৫ জুলাই ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম ভুয়া জন্মদিন পালনের মামলায় এবং মহানগর হাকিম আহসান হাবীব যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার মামলায় জামিন নামঞ্জুর করেন। ওই আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে জামিনের আবেদন করা হয়।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। রায়ের পরই নাজিমুদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হয় খালেদা জিয়াকে।
ইত্তেফাক/কেকে