নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের ১১ দফা দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আনন্দ র্যালি করেছে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের পটিয়া উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে র্যালিটি শেষ হয়।
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা র্যালি করেছি। এখন এসব দাবি দ্রুত যাতে কার্যকর হয় সেই পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানাচ্ছি।
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, চলমান আন্দোলনে নিরাপদ সড়কের জন্য শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীরা র্যালি বের করেছে।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ জানান, শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে তৃতীয় পক্ষ যাতে দেশে অরাজকতা সৃষ্টি করতে না পারে সে দিকেও আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন রয়েছে।
ইত্তেফাক/এইচআরসি/জেডএইচ