আর্সেনালকে হারিয়ে দারুণ শুরু ম্যান সিটির

আর্সেনালকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের যাত্রাটা ভালোই হলো ম্যানচেস্টার সিটির। এমিরেটস স্টেডিয়ামে রবিবার স্থানীয় সময় বিকালে শুরু হওয়া ম্যাচটি ২-০ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা।
 
ম্যাচের ১৪ মিনিটের মাথায় এগিয়ে যায় পেপ গার্দিওয়ালার শিষ্যরা। ফরাসি ডিফেন্ডার বাঁজামাঁ মাঁদির পাস পেয়ে আড়াআড়ি ছুটে দুজনের বাধা এড়িয়ে জোরালো শটে প্রতিপক্ষের জালে বল পাঠান ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি উভয় দল।
 
৬৩তম মিনিটে পাল্টা আক্রমণে গোলরক্ষককে একা পেয়েছিলেন সের্হিও আগুয়েরো। কিন্তু তার শট ঠেকিয়ে সে যাত্রায় ফের আর্সেনালকে রক্ষা করে চেক। কিন্তু পরের মিনিটেই দ্বিতীয় গোলটি পেয়ে যায় অতিথিরা। মাঁদির পাস ডি-বক্সে মাঝ বরাবর পেয়ে প্রথম ছোঁয়ায় জোরালো শটে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা।
 
ইত্তেফাক/এএম