স্পেনের জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা জেরার্ড পিকে। জেরার্ড পিকের অবসরের ইঙ্গিতের পর স্প্যানিশ এ সেন্টার ব্যাককে অনেক বুঝিয়েছেন লুইস এনরিকে। কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল থাকেন ৩১ বছর বয়সী পিকে। শনিবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। স্পেনের জার্সিতে ১০২ ম্যাচে ৫ গোল করেন বার্সেলোনার এ তারকা।
২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে স্পেনের হয়ে অভিষেক হয়েছিল পিকের। ধীরে ধীরে স্প্যানিশ রক্ষণভাগের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। রাশিয়া বিশ্বকাপে স্পেনের ব্যর্থতার সঙ্গে পিকেও জানিয়ে দেন জাতীয় দলের জার্সি আর গায়ে জড়াবেন না। রাশিয়া বিশ্বকাপে দেশের জার্সিতে শততম ম্যাচ খেলা পিকে বলেন, 'জাতীয় দলের কোচ লুইস এনরিকের সঙ্গে আমার কথা হয়েছে। জানিয়ে দিয়েছি যে, আমার সিদ্ধান্ত চূড়ান্ত।'
IMG0
উল্লেখ্য রক্ষণে কার্লোস পুয়েলের সঙ্গে জুটি বেঁধে স্পেনকে ২০১০ বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন পিকে। এরপর ২০১২ ইউরোও জিতেছিল লা ফুরিয়া রোজারা। পিকের অবসরের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কলাম্বিয়ান পপতারকা ও তার স্ত্রী শাকিরা।
ইত্তেফাক/আরএ