বিদেশি কর্মী নিতে একক পদ্ধতি চালু করা হবে: মাহাথির মোহাম্মদ

বাংলাদেশ, নেপালসহ বিভিন্ন দেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে শিগগির একক পদ্ধতি চালু করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, কর্মী নেওয়ার ক্ষেত্রে কোনো দেশকে আলাদাভাবে বিবেচনা করা হবে না। 
 
মঙ্গলবার পার্লামেন্টে বিদেশি কর্মীদের নিয়ে একটি সম্মেলনে সভাপতিত্ব করার পর সাংবাদিক সম্মেলনে মাহাথির বলেন, বর্তমানে অবৈধ কর্মীদের নিয়ে বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হচ্ছে। এজন্য একটি অভিন্ন ব্যবস্থা চালু করা হবে। 
 
তিনি বলেন, এর আগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে ১০টি এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু তারা একচেটিয়া ব্যবসা করে প্রতি কর্মীর কাছ থেকে ২০ হাজার রিঙ্গিত পর্যন্ত হাতিয়ে নিয়েছে। প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি করতে আমরা সব রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেব।
  
মালয়েশিয়ার গণমাধ্যম দ্য স্টার অনলাইনের খবরে আরও বলা হয়েছে, ইনস্টিটিউট অব লেবার মার্কেট ইনফরমেশন এন্ড অ্যানালাইসিস (আইএলএমআইএ) নিয়ন্ত্রণে একটি কমিটি করা হবে। মাহাথির বলেন, আমাদের সমস্যার সমাধান করতে হবে, এজন্য একটি কমিটি করা প্রয়োজন। তিনি আরও বলেন, অভিবাসী কর্মীদের ব্যাপারে নেপালের সঙ্গে একটি সমঝোতা স্মারক শিগগির সই হবে।
 
ইত্তেফাক/এমআই