এজবাস্টন টেস্টে প্রতিদ্বন্দ্বিতা গড়ে ইংল্যান্ডের বিপক্ষে হেরে গিয়েছিল ভারত। তবে লর্ডস টেস্টে যাচ্ছেতাই অবস্থা। প্রতিরোধ তো দূরের কথা ভরাডুবি হয়েছে কোহলিদের। এতে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে পিছিয়ে পড়েছেন সফরকারীরা। শনিবার শুরু হবে ট্রেন্টব্রিজ টেস্ট। তার আগে ইংলিশ কন্ডিশনে ভরাডুবি নিয়ে কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলিকে প্রশ্ন করতে পারে বিসিসিআই।
বোর্ডের ঊর্ধ্বতন এক কর্মকর্তা পিটিআইকে বলেন, প্রস্তুতির জন্য তাদের যথেষ্ট সময় দেয়া হয়নি, এমন অভিযোগ করতে পারবে না ভারতীয় দল। আমরা যখন দক্ষিণ আফ্রিকায় সিরিজ হেরেছিলাম, তখন ক্রিকেটাররা ঠাসা ক্রীড়াসূচির দোহাই দেখিয়েছিল। বেশি প্রস্তুতি ম্যাচ না খেলার ফলে অসুবিধায় পড়ার কথা জানিয়েছিল। এর পর তাদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম, টেস্ট সিরিজের আগে সাদা বলে ম্যাচের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, আমরা সাদা বলে ম্যাচের ব্যবস্থা করেছিলাম। সিনিয়র দলের অনুরোধেই একই সময়ে ভারতীয় এ দলকে ইংল্যান্ড সফরে পাঠাই। সিনিয়র দলের দুই সদস্যকে (মুরালি বিজয় ও আজিঙ্কা রাহানে) এ দলের সঙ্গে পাঠাই। তারা যা চেয়েছিল সবই দেয়া হয়েছে। তবু প্রত্যাশিত ফল না পাওয়া গেলে প্রশ্ন করতেই পারে বোর্ড।
ইত্তেফাক/আরএ