ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে গেছে ভারত। দলের এমন ব্যর্থতায় হতাশ অধিনায়ক বিরাট কোহলি। তবে তিনি হাল ছেড়ে দিতে রাজি নন। পরের টেস্টে ঘুরে দাঁড়ানোর চেষ্টা যে ছাড়বেন না। সেই প্রতিশ্রুতি দিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে দলের ওপর ভরসা রাখার আবেদন জানিয়েছেন ভারত অধিনায়ক।
চলতি সফরে বার্মিংহামে হারের পরে লর্ডসে দ্বিতীয় টেস্টে আরও শোচনীয় ভাবে হারে ভারত। শনিবার থেকে তৃতীয় টেস্টে ভারত ঘুরে দাঁড়াতে না পারলে সিরিজ হারতে হতে পারে তাদের। এ দিকে কোহলিকে ভোগাচ্ছে পিঠের ব্যথা। সব মিলিয়ে বেশ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন ভারত অধিনায়ক।
সেই জন্যই ফেসবুকে এক আবেগপূর্ণ বার্তা দিয়েছেন ভক্তদের। ভারত অধিনায়ক লিখেছেন, ‘কখনও আমরা জিতি। অন্য সময় শিখি। আমাদের উপর থেকে আস্থা হারাবেন না। আমরাও সব সময় আপনাদের উপর আস্থা রেখে যাব। এগিয়ে যেতে হবে।’
লর্ডসে হারের পর কোহলি বলেছিলেন, ‘আমরা যা যা ভুল করেছি, সেগুলো থেকেই শিক্ষা নিতে হবে আমাদের। আর সেই শিক্ষাগুলোই আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে।’
ইত্তেফাক/কেআই