ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অজিত ওয়াদেকর (৭৭) মারা গেছেন। বুধবার মুম্বাইয়ের জসলোক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি৷ ওয়াদেকর দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন৷
১৯৫৮-৫৯ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল তার৷ জাতীয় দলে সুযোগ পেতে তাকে আট বছর অপেক্ষা করতে হয়েছিল। বাঁ-হাতি এই বিধ্বংসী ব্যাটসম্যান পরবর্তীতে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন৷ ১৯৭১ সালে তার অধিনায়কত্বে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারতীয় দল৷ পরে টিম ইন্ডিয়ার কোচ হিসেবেও সাফল্য পেয়েছিলেন তিনি৷
ওয়াড়েকররের জন্ম ১৯৪১ সালের ১ এপ্রিল। দেশের হয়ে ১৯৬৬ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত দাপটের সঙ্গে খেলেছেন এই বিশ্বখ্যাত বাঁ-হাতি স্টাইলিশ আক্রমণাত্মক ব্যাটসম্যান। ১৯৬৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে তার আত্মপ্রকাশ ঘটে। সাধারণত তিন নম্বরে ব্যাট করতে মাঠে নামতেন।
তার নেতৃত্বে ইংল্যান্ডে সে দেশের বিরুদ্ধে প্রথম টেস্ট সিরিজ জয় করে ভারত। তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েও পাঁচিটির বেশি ম্যাচ জেতে দল। ১৯৬৭ সালে তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করে সরকার। ১৯৭২ সালে তিনি পদ্মশ্রী সম্মান লাভ করেন। নব্বইয়ের দশকে ভারতীয় ক্রিকেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াড়েকর।
ইত্তেফাক/ইউবি