নোয়াখালী-২ আসনে হাসান মঞ্জুরকে মহাজোটের প্রার্থী ঘোষণার দাবিতে মানববন্ধন

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি, সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুরকে মহাজোটের প্রার্থী হিসাবে ঘোষণার দাবিতে মানববন্ধন ও মৌন মিছিল করেছে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মিরা। গতকাল রবিবার সেনবাগ পৌর শহরের দক্ষিণ বাজার জেলা পরিষদ মার্কেট চত্বরে দলীয় কার্যালয়ের সামনে সেনবাগ-সোনাইমুড়ি প্রধান সড়কের ওপর ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বিকাল সোয়া ৪টা থেকে পৌনে ৫টা পর্যন্ত আধা ঘণ্টা ওই মানববন্ধন কর্মসূচি চলে। এসময় উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মি ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিতে দেখা যায়। পরে মানববন্ধনকারীরা পৌর শহরে এক মৌন মিছিল বের করে। মিছিলটি সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সিনিয়ির সহ-সভাপতি আবদুস কুদ্দুস, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী সবুজ, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. হারুন, সেক্রেটারি ফখর উদ্দিন, উপজেলা জনসংহতি সদস্য সচিব জাহিদ হোসেন প্রমুখ।