একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ

একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এ উপলক্ষে স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটসের মেজবান রেস্টুরেন্টে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 
 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
 
আলোচনা সভার শুরুতে নিহতদের স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।
 
সভাপতির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করে দলকে নেতৃত্বশূন্য করতেই ওই হামলা হয়েছিল এবং তাতে প্রত্যক্ষ মদদ ছিল তৎকালীন বিএনপি-জামায়াত জোটের শীর্ষ নেতাদের। উচ্চপর্যায়ের তদন্তে সে ষড়যন্ত্র উদঘাটিত হয়েছে। তাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই।
 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি লুৎফুল কবির, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, প্রচার সম্পাদক হাজী এনাম, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, কার্যকরী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারেকুল হায়দার চৌধুরী, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের নেত্রী নূরুন নাহার গিনি, যুবলীগ নেতা নান্টু মিয়া প্রমুখ।
 
এদিকে একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ। এ উপলক্ষে স্থানীয় সময় সোমবার রাতে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে মোমবাতি প্রজ্বলন ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। 
 
যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আল-আমিন আকন্দ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 
ইত্তেফাক/জেডএইচ