খুলনা অফিস
নানা আয়োজনে রবিবার ২৮তম খুলনা বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হাদী চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসের হাদী চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এসময় ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিনবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্টসহ বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৫টায় শহীদ মিনার চত্বর, অদম্য বাংলা ও কটকা স্মৃতিসৌধে প্রদীপ প্রজ্জ্বলন ও ক্যাম্পাসে আলোকসজ্জা।