কামান্না ট্র্যাজেডি দিবস আজ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

আজ ২৬ নভেম্বর। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না ট্র্যাজেডি দিবস। ১৯৭১ সালের এদিনে পাকবাহিনী ও রাজাকাররা ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জনকে হত্যা করে। কামান্না গ্রামের মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের টিনের ঘর দুটি অবিকল সে অবস্থাতে সেদিনের স্মৃতি বহন করছে। শহীদ মুক্তিযোদ্ধারা হচ্ছেন: মোমিন, কাদের, শহিদুল, সোলেমান, রাজ্জাক (১ ), ওয়াহেদ, রিয়াত, আলমগীর, মতলেব, আলি হোসন, শরিফুল, আনিছুর, আলিমুজ্জামান, তাজুল, মনিরুজ্জামান, মাছিম, রাজ্জাক (২), কাওছার, সালেক, আজিজ, আকবর, সেলিম, হোসেন, রাশেদ, গোলজার, অধীর ও গৌর। এ সাথে শহীদ হন তাঁদের গাইড ফণি ভুষণ কুন্ডু ও রান্নার বুয়া রঙ্গবিবি। অবস্থানগত দিক দিয়ে সুবিধাজনক হওয়ায় মুক্তিযোদ্ধারা কামান্না গ্রামের মাধবভুঁইয়ার বাড়িতে অস্থায়ী ক্যাম্প গড়ে তোলেন। ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেন ৪২ জনের একদল মুক্তিযোদ্ধা। নভেম্বর মাসের প্রথমদিকে এ ক্যাম্পে আশ্রয় নেন তারা। মুক্তিযোদ্ধাদের বেশির ভাগের বাড়ি ছিল মাগুরার সদর উপজেলার হজিপুর এলকায়। কামান্না গ্রামের এক পাকবাহিনীর দালালের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের অবস্থানের খবর পৌঁছে যায় ঝিনাইদহ, শৈলকুপা ও মাগুরার পাকসেনা ছাউনিতে। ২৫ নভেম্বর রাতে খাবার খেয়ে মুক্তিযোদ্ধারা ঘুমিয়ে পড়েন। এ ঘুম ছিল তাদের জীবনের শেষ ঘুম।