ওসমানীতে বিমানের সিটের নিচ থেকে কোটি টাকার স্বর্ণ উদ্ধার

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের সিটের নিচ থেকে ২০ পিস স্বর্ণবার উদ্ধার করেছেন বিমানবন্দরের শুল্ক গোয়েন্দারা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ৯টায় দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট বিজি-২৪৮ এর সিটের নিচ থেকে স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

জানা যায়, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৪৮ ভেতর অভিযান পরিচালনা করেন বিমানবন্দরের শুল্ক গোয়েন্দাদের একটি দল। এ সময় সিটের সাথে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয় স্বর্ণের এসব স্বর্ণবার।

বিমানবন্দরের এক কাস্টমস কর্মকর্তা জানান, 'দুবাই থেকে আসা বিমানের এ ফ্লাইট সকাল ৮টায় ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। কাস্টমসের চেকিংয়ের অংশ হিসাবে বিমানের ভেতরে তল্লাশি চালিয়ে সিটের সাথে বাধা অবস্থায় দুটি বস্তু উদ্ধার করা হয়। এরপর এ দুটি বস্তু খুলে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়'। 

আরও পড়ুন:  কুমিল্লায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৩২০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা বলে জানিয়েছেন এভিয়েশনে কর্মরত গোয়েন্দা সংস্থার এক সদস্য।

ইত্তেফাক/জেডএইচডি