বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাঙালির মনন ও চেতনায় অবিস্মরণীয়। এই যুগল কবির অনন্য সাধারণ সৃষ্টিকর্ম বাঙালির সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ-নজরুলের কালজয়ী অবদান প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি-সিএফএ স্থানীয় এনটিইউ অ্যালুমনাই ক্লাব অডিটোরিয়ামে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে এক সাংস্কুতিক অনুষ্ঠানের আয়োজন করে।
IMG0
অনুষ্ঠানে দুই বাংলার প্রতিথযশা শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করে শোনান। সুরের মোহজালে তারা উপস্থিত দর্শক-শ্রোতাদের বিমুগ্ধ করেন। সোসাইটির সাংস্কৃতিক শাখা 'সেন্টার ফর ফাইন আর্টস (সি এফ এ)' এর ক্ষুদে শিক্ষার্থী শিল্পীরাও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।
উল্লেখ্য, সেন্টার ফর ফাইন আর্টসের উদ্যোগে সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশী শিশু, কিশোরসহ সব বয়সী শিক্ষার্থীদের শুদ্ধ সঙ্গীত শেখানো হয়ে থাকে।
উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার জনাব মোঃ মোন্তাফিজুর রহমান স্স্ত্রীক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এমন সুন্দর অনুষ্ঠানের সফল আয়োজনে হাই কমিশনার সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানান। তিনি বিদেশে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা ও বিকাশে সহায়তার জন্য সোসাইটির প্রচেষ্টাকে সাধুবাদ জ্ঞাপন করেন।
ইত্তেফাক/নূহু