চালককে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনতাই

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে চালককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত অটোচালক রাব্বী মিয়ার (১৭) বাড়ি কিশোরগঞ্জ পৌরসভার পশ্চিম তারাপাশা এলাকায়। তার লাশ গতকাল শনিবার কিশোরগঞ্জ-ভৈরব সড়কের পাশে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ-গদাবাড়ি এলাকার একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাব্বি মিয়া গত বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর ওই রাতে আর বাসায় ফিরেনি। পরদিন সারাদিন তাকে খোঁজাখুঁজি করা হয়। শনিবার তার লাশ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আহসান হাবীব জানান, দুর্বৃত্তরা রাব্বী মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।