‘ব্রাজিলে জাদুঘরে আগুনের জন্য অর্থের অভাবই দায়ী’

ব্রাজিলের ২০০ বছরের পুরনো ন্যাশনাল মিউজিয়াম পোড়ার পেছনে টাকার অভাবকেই দায়ী করেছেন স্থানীয় কর্মকর্তারা। রবিবার রিও ডি জেনিরোর জাদুঘরটিতে লাগা আগুন আমেরিকা মহাদেশের নৃতত্ত্ব ও প্রাকৃতিক ইতিহাসের সবচেয়ে বড় সংগ্রহকে প্রায় নিশ্চিহ্ন করে দিয়েছে। এসব সংগ্রহের মধ্যে ‘লুজিয়া’ নামে পরিচিত ১২ হাজার বছরের পুরনো এক নারীর দেহাবশেষও ছিলো; এটিই লাতিন আমেরিকায় পাওয়া মানুষের সবচেয়ে প্রাচীন দেহাবশেষ।
 
দুইশ’ বছরের পুরনো এই জাদুঘরের ‘বিপজ্জনক অবস্থা’ নিয়ে আগে থেকেই কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হচ্ছিল; বিশেষজ্ঞরাও ভবনটিতে অগ্নিকাণ্ডের ব্যাপারে কয়েক বছর ধরেই সতর্ক করে আসছিলেন। এরপরও সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়নি বলে অভিযোগ কর্মকর্তাদের। 
 
ন্যাশনাল মিউজিয়ামের উপপরিচালক লুইজ ফার্নান্দো দিয়াস দুয়ার্তে অগ্নিকাণ্ডের পর বলেন, আমরা পর্যাপ্ত সহযোগিতা পাইনি। ‘ক্রুদ্ধ’ প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্রাজিলীয় কর্তৃপক্ষের ‘মনোযোগের ঘাটতিকে’ দায় করেছেন তিনি। 
 
অগ্নিকাণ্ডের পর তহবিল ঘাটতির দিকে ইঙ্গিত করে দুয়ার্তে বলেন, আজ যেসব অমূল্য সম্পদ ধ্বংস হলো, তা রক্ষায় কয়েক বছর ধরে, বিভিন্ন সরকারের সঙ্গে লড়েছিলাম আমরা। -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর