যুক্তরাষ্ট্রের আলাবামা-মিসিসিপি সীমান্তে ঝড়ের আঘাতে এক শিশু নিহত

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আলাবামা-মিসিসিপি সীমান্তে আঘাত হেনেছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় গর্ডন। ঝড়ের প্রকোপে ফ্লোরিডার পেনাসকোলায় একটি গাছ পড়ে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম বা বয়স প্রকাশ করা হয়নি। 
 
ঝড়ে সৃষ্ট তীব্র বাতাসে ‘ফ্লোরিডা প্যানহ্যান্ডলে’ (ফ্লোরিডার উত্তর-পশ্চিমাংশের অনানুষ্ঠানিক নাম) বিদ্যুৎ-বিচ্ছিন্নতার ঘটনা ঘটেছে। আরো অঞ্চলে এমনটা ঘটতে পারে বলে জানিয়েছেন সিএনএন’র আবহাওয়াবিদ মাইক্যাল গাই। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঝড়টি মিসিসিপি’র বিলোক্সি শহর থেকে ৩০ মেইল পূর্বে অবস্থান করছিল। এর গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিলোমিটার। 
 
স্থানীয় সময় বুধবার ঝড়টি আরো উত্তর-পশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে মিসিসিপির হ্যাট্টিয়েসবার্গ এন্ড জ্যাকসনে ভারী বর্ষণ ও বন্যার সৃষ্টি হতে পারে।
 
ধারণা করা হচ্ছে, ঝড়টির তীব্রতা ধীরে ধীরে কমে আসবে। তবে উপসাগরীয় উপকূল ও ফ্লোরিডা প্যানহ্যান্ডলজুড়ে কর্তৃপক্ষ বাসিন্দাদের বন্যার জন্য সতর্কতা জারি করে রেখেছে।- সিএনএন
 
ইত্তেফাক/ জেআর