যুক্তরাজ্য বলছে, দেশটির সালিসবুরিতে রাসায়নিক বিষ প্রয়োগে দুই সাবেক রুশ গুপ্তচরকে হত্যাচেষ্টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই জড়িত। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে ক্রেমলিনই এ ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ নিরাপত্তা মন্ত্রী বেন ওয়ালেস এ মন্তব্য করেন। খবর এনডিটিভির।
বেন ওয়ালেস বলেন, ‘পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট। আর অভিযুক্ত ব্যক্তিরা দেশটির সামরিক গোয়েন্দা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে পুতিনের সরকারই সামরিক গোয়েন্দা বাহিনীর নিয়ন্ত্রণ ও অর্থ যোগান দেয়।’
তিনি যুক্তি দেন, ‘এখন আপনি যদি বলেন দেশের ওপর পুতিনের নিয়ন্ত্রণ নেই, কেবল তাহলেই তিনি দায়ী হবেন না। আর এটি তো সম্ভব নয়।’
রুশ সামরিক বাহিনীর সিনিয়র জেনারেল, প্রতিরক্ষা মন্ত্রীর মাধ্যমে রুশ প্রেসিডেন্ট অফিসই হত্যাচেষ্টা চালিয়েছে বলেও দাবি করেন তিনি।
চলতি বছরের মার্চে সাবেক গুপ্তচর সেরগেই স্ক্রিপাল(৬৬) ও তার মেয়ে জুলিয়াকে(৩৩) ‘নোভিচক’ নামক একটি বিশেষ রাসায়নিক বিষ প্রয়োগ করা হয়। এটি খুব অল্প পরিমাণে ব্যবহার করেই মানুষ হত্যা করা যায়। তবে কিছুদিন চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে ওঠেন স্ক্রিপাল ও তার মেয়ে জুলিয়া।
IMG0
এ ঘটনায় বারবার রাশিয়া জড়িত বলে দাবি করেছিল যুক্তরাজ্য। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে আসছে।
বুধবার নিজেদের দাবির পক্ষে প্রমাণ উপস্থাপন করে বক্তব্য দেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেন, অভিযুক্ত দুই ব্যক্তি জড়িত থাকার প্রমাণ মিলেছে। তারা আলেক্সান্ডার পেট্রভ ও রুসলাম বসিরভ নাম ব্যবহার করে যুক্তরাজ্যে প্রবেশ করে এবং হত্যা চেষ্টা চালায়। তারা রাশিয়ার সরকারি গোয়েন্দা বলেই মনে হচ্ছে।
যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডের দাবি, তাদেরকে অভিযুক্ত করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে সংস্থাটির হাতে।
ইত্তেফাক/টিএস