চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে ২০১৮-১৯ অর্থ বছরে ‘অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান’ কর্মসূচির আওতায় ১ম পর্যায়ের কাজ শুরু হলেও হাণ্ডিয়াল ইউনিয়নে এখনো তা শুরু হয়নি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, হাণ্ডিয়াল ইউনিয়নে এ কর্মসূচির আওতায় ৬টি প্রকল্পের বিপরীতে ১৭ লাখ ১২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ ৬টি প্রকল্পে প্রতিদিন ২১৪ জন শ্রমিক কাজ করার কথা। অন্য ইউনিয়নে গত ১১ নভেম্বর কাজ শুরু হলেও এ ইউনিয়নে শুরু হয়নি।
প্রকল্পগুলো হলো— ওই ইউনিয়নের সিদ্দিনগর দেরাজ মেম্বারের বাড়ি হতে নেংরা বটতলা হয়ে জিয়ালগাড়ী ভায়া সিদ্দিনগর পাকা রাস্তা হতে ফনি সরকারের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত, হাণ্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাট ও সোনাবাজু পাকা রাস্তা হতে সোনাবাজু বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা মেরামত, চরনবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা মেরামত ভায়া চরখকোলা মাস্টারের বাড়ি হতে প্রশান্ত চক্রবর্তীর বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত, বাঘলবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা মেরামত ভায়া তেঁতুলতলা হতে নূর ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত, রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা মেরামত ভায়া দরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও রাস্তা মেরামত এবং বড়বেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা মেরামত ভায়া বেজপাটিয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পাকা রাস্তা পর্যন্ত রাস্তা মেরামত।
কাজ শুরু না হওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান, চেয়ারম্যান-মেম্বারের দ্বন্দ্বের কারণে কাজ শুরু হয়নি। কাজ না হলে সরকারি অর্থ নিয়মানুযায়ী ফেরত যাবে।
ইউপি চেয়ারম্যান কেএম জাকির হোসেন বলেন, কর্মসংস্থান কর্মসূচি নিয়ে মেম্বারদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। বিভিন্ন প্রকল্পে মেম্বাররা অনৈতিক সুবিধা নিতে না পেরে সবাই ক্ষিপ্ত হয়ে কর্মসংস্থান কর্মসূচির কাজ বাদ রেখেছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার অসীম কুমার জানান, দু-একদিনের মধ্যেই কাজ শুরু হবে।