ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবরঃ
কুষ্টিয়া: পৃথক সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া মডেল থানার এসআইসহ চারজন নিহত হয়েছেন। কুষ্টিয়ায় খোকসায় যাত্রীবাহী বাস উল্টে দুইজন, ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপ-পরিদর্শক এবং মিরপুর উপজেলায় বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত হন। গতকাল রবিবার পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় আরো কমপক্ষে ১৫ জন আহত হন। পুলিশ জানায়, গতকাল কুষ্টিয়া মডেল থানার এসআই মাসুদ মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে যাওয়ার সময় সদর উপজেলার ভাদালিয়া বাজারের সন্নিকটে মালবোঝাই ট্রাকের (কুষ্টিয়া চ-০২-০০৯৪) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত এসআই মাসুদের বাড়ি ফরিদপুর জেলায়। এদিকে অপর দুর্ঘটনায় ভোর ৫ টারদিকে জয়পুরহাট থেকে ৫৮ জন যাত্রী নিয়ে রবিশালগামী বাসটি কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর নামক স্থানে পৌঁছালে মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুইজন যাত্রী নিহত হন। নিহতরা হলেন, হাজী আব্দুল কাদের (৭০) ও মাহাতাব উদ্দিন (৪০)। নিহতদের দুজনের বাড়ি নওগাঁ জেলায়। এ দুর্ঘটনায় আরো কমপক্ষে ১৫ জন বাসযাত্রী আহত হন। এছাড়া সকালে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে মিরপুর উপজেলার ভাঙা বটতলা নামক স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক মাসুদ আলী (৪৮) ঘটনাস্থলেই নিহত হন। নিহত মাসুদ কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মৃত মোশাররফ হোসেনের ছেলে।
চট্টগ্রাম: চট্টগ্রামে গতকাল রবিবার পৃথক সড়ক দুর্ঘটনায় পিইসি পরীক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। জানা যায়, পটিয়া ছিলা শাহ মার্কেটের সামনে সকালে বাসের জন্য অপেক্ষা করছিলেন বিনিনিহারা প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী জান্নাতুল মাওয়া ইসা(১২)। এসময় একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। এদিকে সকালে নগরীর বন্দর থানার আলী মাঝি পাড়া এলাকায় বাস চাপায় মেহেরুন আকতার(২৬) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়। কর্মস্থলে যাওয়ার সময় বাসের নিচে চাপা পড়ে তাঁর মৃত্যু হয়। নিহত মেহেরুন একই এলাকার রাসেলের স্ত্রী।
নওগাঁ:নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর নামক স্থানে ট্রাক্টরের ধাক্কায় পিইসি পরীক্ষার্থী মাসুম (১১) নিহত ও আবু রায়হান (১১) গুরুতর আহত হয়। রবিবার বেলা পৌনে ২টার দিকে উপজেলার ইসবপুর নামক স্থানে এই হতাহতের ঘটনাটি ঘটে। নিহত মাসুম উপজেলার ইসবপুর ইউনিয়নের চন্দ্রঘোলা গ্রামের আবু হানিফের ছেলে এবং আহত রায়হান একই গ্রামের আলম হোসেনের ছেলে। তারা দুজনেই চন্দ্রঘোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পঞ্চগড়:পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় রবিউল ইসলাম রুবেল (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রুবেলের চাচাতো বোন মুন্নি আক্তার ও রুবেলের ছেলে বায়েজিদ (৫) নামে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়। রবিবার দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের নজরুল স্মরণি বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার মহিগছ এলাকার আব্দুল বারেকের ছেলে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা):কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল রবিবার বিকেলে কাভার্ডভ্যান চাপায় আনোয়ারা বেগম(৭৮) নামের এক মহিলা নিহত হয়েছেন। তিনি পৌর এলাকার মধ্যম শ্রীপুর গ্রামের মৃত বাঁচা মিয়ার স্ত্রী ও যুবলীগ নেতা জামাল উদ্দিন স্বপনের মাতা। জনতা ঘাতক কাভার্ডভ্যানটি আটক করে।
বড়াইগ্রাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও সিমেন্ট কোম্পানির ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ সময় শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর ১০ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অন্যদের বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাকচালক ইউনুস আলী মুন্সীগঞ্জ সদরের চর সন্তোষপুর গ্রামের হোসেন আলী মাতব্বরের ছেলে। নিহত অপরজনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
ফকিরহাট (বাগেরহাট):ফকিরহাটের খুলনা-মাওয়া মহাসড়কের খান ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে জাহিদ হোসেন লিটন (৪৩) নিহত হয়। সে খুলনার শেখপাড়া এলাকার তুতামিয়ার পুত্র। রবিবার সকালে এদুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। মহাসড়কে নিষিদ্ধ কাঠ বোঝাই ঘাতক নসিমনটি আটক করেছে পুলিশ।