সিরিয়ার ইদলিবে সরকারি বাহিনী রাসায়নিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া বিষয়ক নতুন মার্কিন উপদেষ্টা জিম জেফরি গতকাল বৃহস্পতিবার এ কথা জানান। ইদলিবে সিরীয় বাহিনীর রাসায়নিক অস্ত্র প্রস্তুত করার যথেষ্ট ‘প্রমাণ’ যুক্তরাষ্ট্রের কাছে আছে বলেও দাবি করেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের কাছে ঠিক কী প্রমাণ আছে, এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি এই মার্কিন কূটনীতিক।
গত ১৭ আগস্ট জিম জেফরিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সিরিয়া বিষয়ক বিশেষ উপদেষ্টা ঘোষণা করা হয়। নিয়োগ পাওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সাংবাদিকদের সাক্ষাতকার দেন তিনি। এ সময় জেফরি সতর্ক করে বলেন, ইদলিবে বড় ধরনের অভিযান ও রাসায়নিক হামলা হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘আমি খুব নিশ্চিত এসব সতর্কতা দেওয়ার পেছনে খুব শক্ত ভিত্তি আছে। যেকোন আক্রমণই আমাদের জন্য আপত্তিযোগ্য। এ ধরনের হামলাকে বেপরোয়া বিবেচনা করি আমরা। রাসায়নিক অস্ত্র যে তৈরি হচ্ছে সে ব্যাপারে প্রচুর প্রমাণ রয়েছে।’
সিরিয়ায় বিদ্রোহী-নিয়ন্ত্রিত শেষ বড় এলাকা ইদলিবে সম্ভাব্য রাসায়নিক হামলার ফল অপরিণামদর্শী হবে বলে হুঁশিয়ারি দেন জেফরি। তিনি মনে করেন, শাসক হিসেবে সিরিয়ায় আসাদের কোন ভবিষ্যত নেই। তবে তাকে উত্খাত করার দায়িত্ব ওয়াশিংটনের ওপর বর্তায় না। তিনি জানান, সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে কাজ করবে।
বিদ্রোহীদের সর্বশেষ শক্ত ঘাঁটি ইদলিবের ভাগ্য কী হবে তা শুক্রবার তেহরানে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের ওপর নির্ভর করছে। আসাদের মিত্র রাশিয়া ও ইরান এবং বিদ্রোহীদের মিত্র তুরস্কের মধ্যে এ বৈঠক হবে। এ প্রসঙ্গে জেফরি বলেন, ‘রাশিয়া যদি তুর্কি আলোচকদের সঙ্গে সমঝোতায় আসতে চায় তবে আগামীকাল আমরা কোন একটা পথ খুঁজে বের করব।’ -বিবিসি
ইত্তেফাক/ জেআর