স্বরূপকাঠিতে গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা গৃহকর্মী আটক

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে রবিবার মাকসুদা বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। সকালে পৌর এলাকার সোনালী ব্যাংকের পেছনে ব্যবসায়ী বেল্লাল মিয়ার বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি ফ্লাটে এ ঘটনা ঘটে। মাকসুদাকে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় মাকসুদার গৃহকর্মী জোত্স্না বেগমকে পুলিশ আটক করে।

আহত মাকসুদার স্বামী বেল্লাল মিয়া দাবি করেন, তাদের বাসার কাজের মহিলা জোত্স্নার স্বামী রাজু সিকদার ও তার সহযোগী এমরানসহ চার/পাঁচজন দুর্বৃত্ত ডাকাতির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। আটক বানারীপাড়া উপজেলার মলুহার গ্রামের বাসিন্দা গৃহকর্মী জোত্স্না  জানান, তার স্বামী এ ঘটনা ঘটিয়েছে। স্বামীর সাথে ভালো সম্পর্ক না থাকলেও সে মাঝে-মধ্যে তার কাছে এসে থাকে।

থানার ওসি (তদন্ত) মোঃ শহীদুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মী জোত্স্নাকে আটক করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।