আজ স্থানীয় সময় দুপুরে প্রথম বারের মতো টরন্টোতে অনুষ্ঠিত হলো টাঙ্গাইল ফুটবল লীগ ২০১৮। বাংলাপাড়ার ড্যানটনিয়া পার্কে দিনব্যাপী অনুষ্ঠিত হলো এই ফুটবল লীগ। এতে অংশ নেয় চারটি দল। দলগুলো হলো, বি এফ মন্ট্রিয়াল, ড্যানফোর্থ ইউনাইটেট ক্লাব, টরন্টো টাইগার-এ এবং টরন্টো টাইগার-বি।
আনন্দঘন পরিবেশে এতে উপস্থিত ছিলেন এক সময়ের ঢাকা স্টেডিয়াম মাতানো ফুটবলার এনায়েত, রুমি, হাসিফ, হাফিজ এবং মামুন জোয়ার্দার। খেলায় বি এফ মন্ট্রিয়াল ২-১ গোলে টরন্টো টাইগার-এ’কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলকে সোনালী কাপসহ এক হাজার ডলার এবং রানার্স আপকে ট্রফিসহ পাঁচশ ডলার প্রদান করা হয়।
বাংলাদেশি এমপিপি ডলি বেগম বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। তার আগে এই টুর্নামেন্টের আয়োজক রবিন ইসলামসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানিয়ে ডলি বলেন, এটি একটা চমৎকার আয়োজন। আগামীতে প্রয়োজন হলে আমার তরফ থেকেও সহযোগিতা করা হবে।
টাঙ্গাইল ফুটবল লীগের আয়োজক রবিন ইসলাম বলেন, আগামীতে এই লীগের নাম হবে বাংলাদেশ লীগ। আমরা মেয়েদের নিয়েও ভবিষ্যতে ফুটবল লীগের আয়োজন করবো।
ইত্তেফাক/নূহু