ইরাকে ইরান-সমর্থিত হামলার ‘দ্রুত ও নিষ্পত্তিমূলক’ জবাব দেবে যুক্তরাষ্ট্র

ইরাকে তেহরানের মিত্রদের হামলায় কোনো মার্কিনি আহত হলে বা মার্কিন কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলে ‘দ্রুত ও নিষ্পত্তিমূলক জবাব’ দেওয়া হবে বলে ইরানকে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এক বিবৃতিতে এ হুঁশিয়ারি জানিয়েছেন।
 
সম্প্রতি বসরায় মার্কিন কন্স্যুলেটে ও বাগদাদে মার্কিন দূতাবাস কম্পাউন্ডে হামলায় বাধা না দেওয়ার জন্য বিবৃতিতে ইরানকে অভিযুক্ত করেছেন তিনি।
 
বিবৃতিতে বলা হয়েছে, “ইরান, ইরাকে তার প্রতিনিধিদের তহবিল, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সমর্থন দিলেও তাদের এসব হামলা থামানোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়নি। “কোনো হামলায় যুক্তরাষ্ট্রের সরকারি স্থাপনা ক্ষতিগ্রস্ত অথবা আমাদের কোনো নাগরিক আহত হলে তার জন্য তেহরান সরকারকে দায়ী হিসেবে বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। আমেরিকানদের জীবন রক্ষায় আমেরিকা নিশ্চিতভাবে দ্রুত জবাব দিবে।”
 
শুক্রবার বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনের ভিতরে তিনটি মর্টার বোমা গিয়ে পড়ে, তবে এতে কেউ হতাহত হয়নি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইরাকি সামরিক বাহিনী। ইরাকে যুক্তরাষ্ট্রের দূতাবাস বাগদাদের ওই গ্রিনে জোনের ভিতরে। পাশাপাশি এখানে ইরাকের পার্লামেন্ট ভবন, সরকারি বিভিন্ন দপ্তর ও অনেক বিদেশি দূতাবাসও আছে।
 
গত কয়েক বছরের মধ্যে এই প্রথম গ্রিন জোনের ভিতরে মর্টার বোমা হামলা চালানো হলো। অপরদিকে বসরায় মার্কিন কন্স্যুলেটটির অবস্থান বিমানবন্দরের কাছে। শনিবার সেখানে রকেট হামলা হয়। তবে এ হামলায়ও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
 
সরকারি দুর্নীতি নিয়ে ক্ষুব্ধ বসরার প্রতিবাদকারীরা গত সপ্তাহে শহরের সরকারি ভবনগুলোতে হামলা চালিয়ে সেখানে আগুন ধরিয়ে দিয়েছিল। বিক্ষোভকারীরা ইরানি কন্স্যুলেটেও হামলা চালিয়ে অগ্নিসংযোগ করেছিল। তারা চিত্কার করে ইরানকে গালাগালি করে।
 
ইরাকের রাজনীতিতে ইরানের প্রভাব বিস্তারের চেষ্টাই এর কারণ বলে ধারণা বিশ্লেষকদের।
 
ইত্তেফাক/ জেআর