মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক নির্বাচনী ব্যবস্থাপক পল ম্যানাফোর্ট, তার বিরুদ্ধে আনীত অপরাধের অভিযোগ স্বীকার করেছেন। স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের সঙ্গে করা এক চুক্তির অনুসারে, তিনি রুশ হস্তক্ষেপ তদন্তে রবার্ট মুয়েলারের কমিটিকে সহায়তা করবেন বলে জানিয়েছেন।
গতকাল শুক্রবার ওয়াশিংটনের ফেডারেল আদালতে ৬৯ বছর বয়সী ম্যানাফোর্ট তার বিরুদ্ধে আনীত দু’টি অপরাধের অভিযোগ স্বীকার করেন নেন। তার এই ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য এবং আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ক্ষতির কারণ হবে বলে ধারনা করা হচ্ছে। তবে হোয়াইট হাউজ জানিয়েছে, ম্যানাফোর্টের দোষ স্বীকার করে নেওয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের কোন সম্পর্ক নেই।
প্রসঙ্গত, ম্যানাফোর্টকে গত মাসে আটটি অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে রয়েছে জালিয়াতি, ব্যাংক জালিয়াতি ও ব্যাংকের হিসাব প্রকাশে ব্যর্থতা। চুক্তি অনুসারে, দ্বিতীয় কোন বিচারকার্যের মধ্যে দিয়ে যেতে হবে না ম্যানাফোর্টকে।
এর আগে পল ম্যানাফোর্ট মুয়েলারের কমিটিকে সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।তার বিরুদ্ধে ইতোমধ্যেই অভিযোগ গঠন করেছে মুয়েলারের কমিটি। এতে তার দশ বছরের কারাদণ্ড হতে পারে। -রয়টার্স ও বিবিসি
ইত্তেফাক/ জেআর