ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ব্যাপক সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, জন কেরি আমাদের শত্রু দেশের শাসকদের সঙ্গে অবৈধ বৈঠক করেছে যা মার্কিন জনগণের জন্য আমাদের মহৎ কাজগুলোকে ক্ষতিগ্রস্ত করবে।
জন কেরি ইরানের সঙ্গে ২০১৫ সালে পারমানবিক চুক্তির আলোচনা করেছিলেন। ট্রাম্প এ বছর চুক্তিটি বাতিল করেন। ট্রাম্প বলেন, জন কেরি তার বই ‘এভরি ডে ইজ এক্সট্রা’ এর প্রচারাভিযানের সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জেরিফের সঙ্গে তিন থেকে চারবার বৈঠক করেন। কেরি হোয়াইট হাউস ছাড়ার পর এবং ট্রাম্প হোয়াইট হাউসে ঢোকার পর এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার পূর্বসূরির সমালোচনা করে বলেছেন, তিনি সরাসরি মার্কিন নীতিকে খাটো করেছেন। পম্পেও বলেন, কেরি যা করেছেন তা অনুচিত এবং নজিরবিহীন। -বাসস
ইত্তেফাক/ জেআর