যুক্তরাষ্ট্রে আমদানিকৃত চীনা পণ্যের ওপর অতিরিক্ত ২০ হাজার কোটি ডলার শুল্ক আরোপ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে একথা বলা হয়েছে।
নাম প্রকাশ না করে এক কর্মকর্তার বরাত দিয়ে ব্লুমবার্গ শুক্রবার জানায়, ট্রাম্প তার কর্মচারীদের বৃহস্পতিবার আমদানিকৃত চীনা পণ্যের ওপর প্রায় ২০ হাজার কোটি ডলার শুল্কারোপের নির্দেশ দিয়েছেন।
ব্লুমবার্গ ছাড়াও বার্তা সংস্থা রয়টার্সও অজ্ঞাত পরিচয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে শুল্কারোপের বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। রয়টার্স বলেছে, এই শুল্কারোপ কখন কার্যকর হবে তা পরিষ্কার নয়।
প্রসঙ্গত, ট্রাম্প এক সপ্তাহ আগে এক ঘোষণায় জানিয়েছিলেন তিনি চীনা পণ্যের ওপর অতিরিক্ত ২০ হাজার কোটি ডলার শুল্কারোপ করবেন।
উল্লেখ্য, আগামী সপ্তাহে চীনের সঙ্গে বাণিজ্য বিষয়ে আলোচনার জন্য চীনা ভাইস-প্রিমিয়ার লিউ হে সহ বেশ কয়েকজন সরকারি কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। -আল জাজিরা
ইত্তেফাক/ জেআর