আজ এক অনাড়ম্বর আনুষ্ঠানের মধ্য দিয়ে তুরস্কের রাজধানী আংকারায় কূটনৈতিক এলাকা ওরান-এ পরিকল্পিত বাংলাদেশ দূতাবাস ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আল্লামা সিদ্দীকী এবং দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী এবং আংকারায় বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এ কাজের উদ্বোধন করেন কমিউনিটির বয়োজ্যেষ্ঠ দুজন সদস্যা। এ সময় প্রকল্পের সাফল্য কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
IMG0
পরিকল্পিত নির্মাণাধীন এ কমপ্লেক্সে দূতালয়, রাষ্ট্রদূতের বাসভবন (বাংলাদেশ হাউজ) এবং ২৭৫ আসনের একটি অডিটোরিয়াম নির্মাণ করা হবে। এতে করে বন্ধুপ্রতীম তুরস্কে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করা এবং তুরস্কের সঙ্গে বিদ্যমান সুসম্পর্ক সম্প্রসারণে দূতাবাস আরো বলিষ্ট ভূমিকা পালন করতে সক্ষম হবে বলে আশা করা যায়। পরবর্তী আঠারো মাসের মধ্যে এ প্রকল্প সমাপ্ত হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, ২০১২ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুরস্ক সফরের সময়ে উভয় দেশের মধ্যে নিজ নিজ রাজধানীর কূটনৈতিক এলাকায় পারস্পরিক প্লট হস্তান্তর করা হয়। বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের জন্য জমি ক্রয়, আদান-প্রদান এবং ভবন নির্মাণ করে চলেছে যা বহির্বিশ্বে বাংলাদেশের প্রত্যয়দীপ্ত ভাবমূর্তি তুলে ধরার এক চমৎকার উদ্যোগ।
ইত্তেফাক/নূহু