বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, “বর্তমানে আর্থিক খাতের সামনে নিত্য-নতুন চ্যালেঞ্জ হাজির হচ্ছে, পাশপাশি এগুলো মোকাবিলা করার সক্ষমতাও বাড়ছে। এ জন্য আর্থিক অন্তর্ভূক্তির পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে সফল নীতি ও সেগুলোর বাস্তবায়নের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”
নেপালের রাজধানী কাঠমুন্ডুতে মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর ২০১৮) ব্যাংক ফিন্যান্স অ্যান্ড ইনস্যুরেন্স ইনস্টিটিউট অফ নেপাল (বিএফআইএন) লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভারতের সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং কাস্টমস, এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স আপিলাত ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট ড. সতীশ চন্দ্র, মুম্বাইয়ের এডেলওয়েইস ফাইনান্সিয়াল সার্ভিসেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বাশ্যাম রেঙ্গানাথান এবং নেপাল সরকারের অর্থ সচিব।
তিনি আরো বলেন, তুরস্ক ও ব্রিকসভুক্ত অধিকাংশ দেশগুলোতে মুদ্রা বিনিময় হারে ব্যাপক ওঠানামা থেকে বোঝা যাচ্ছে যে বিশ্ব এখনও সর্বশেষ আর্থিক মন্দার প্রভাব পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি। বরং বিশ্বের বিভিন্ন দেশের ভুল নীতির কারণে যে কোন সময় আর্থিক খাত বড় ধাক্কা খেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রক্ষণবাদি বাণিজ্য নীতি আর মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধের কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। তাঁর মতে- উন্নত দেশগুলোতে অভ্যন্তরীণ চাহিদার ঘাটতির কারণেই মূলত মন্দা পরিস্থিতি তৈরি হয়েছে।
ইত্তেফাক/আরকেজি