ইত্তেফাক রিপোর্ট
গ্যাটকো দুর্নীতি মামলা ছয় মাসের মধ্যে নিম্ন আদালতকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ মামলা বাতিল প্রশ্নে জারিকৃত রুল খারিজ করে দিয়ে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ রায় দেন। একইসঙ্গে এই মামলার আসামি গ্লোবাল এগ্রোট্রেড প্রাইভেট লিমিটেডের (গ্যাটকো) পরিচালক সৈয়দ গালিব আহমেদ ও সৈয়দ তানভীর আহমেদকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আসামিদের আবেদনে মামলার কার্যক্রমের ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। আইনজীবীরা জানিয়েছেন, এই রায়ের ফলে নিম্ন আদালতে মামলার বিচার কার্যক্রম চলতে আর কোনো আইনগত বাধা থাকল না।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গ্যাটকো দুর্নীতি মামলা করেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ চার দলীয় জোট সরকারের বেশ কয়েকজন মন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রভুক্ত ৫ জন আসামি ইতোমধ্যে মারা গেছেন।
অভিযোগপত্রে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন। এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেন গালিব ও তানভীর। আদালতে আসামি পক্ষে আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও আহসানুল করিম, দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রুল খারিজ করে দিয়ে উপরোক্ত রায় দেয়।