ইত্তেফাক রিপোর্ট
দেশব্যাপী বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত ‘গায়েবি’ মামলা তদন্তের নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের একক বেঞ্চ রুল ইস্যু না করেই আবেদনটি খারিজের আদেশ দেন।
প্রসঙ্গত গত ৯ অক্টোবর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রিটের উপর দ্বিধাবিভক্ত আদেশ দেয়। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক আবেদনের ওপর রুল জারি করলেও কনিষ্ঠ বিচারক রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ দ্বিধাবিভক্ত আদেশ হয়। ওই আদেশের পর মামলার নথি প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি ষিয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের এই একক বেঞ্চে পাঠান রিট আবেদনটি নিষ্পত্তির জন্য। গত ২২ সেপ্টেম্বর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী ও সানাউল্লাহ মিয়া হাইকোর্টে এই রিট করেন।