৮০ লাখ টাকা বাঁচিয়ে টি-শার্ট পুরস্কার, প্রতিশোধ কর্মচারীর

ডাকাত দলের কাছ থেকে মালিকের ৮০ লাখ টাকা রক্ষা করেছিলেন কর্মচারী। এ জন্য মালিক তাকে একটি টি-শার্ট উপহার দেন। এতে ক্ষেপে যান ওই কর্মচারী। পরে প্রতিশোধ নিতে মালিকের ৭০ লাখ  টাকা হাতিয়ে চম্পট দেন তিনি। ২৮ আগস্ট ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটে। 
 
ওই কর্মচারীর নাম ধ্যান সিংহ বিস্ত। তিনি দিল্লির এক ব্যবসায়ীর অধীনে কাজ করতেন। খুবই বিশ্বস্ত কর্মচারী ছিলেন। তাই ব্যবসার প্রয়োজনে মোটা অংকের টাকার লেনদেন তার হাত দিয়েই করাতেন মালিক।
 
শহরেরই একটি ব্যাঙ্কে জমা দেওয়ার জন্য ৮০ লাখ টাকা ধ্যান সিংহের কাছে দেন মালিক। পথে ডাকাত দলের কবলে পড়ে যান। জীবন বাজি রেখে ডাকাতদের সঙ্গে মারামারি করে ৮০ লাখ টাকা রক্ষা করেন। পরে সেই টাকা মালিককে ফিরিয়ে দেন। ধ্যান সিংহ ভেবেছিলেন মালিক খুশি হয়ে তাকে টাকা পুরস্কার দেবেন। কিন্তু তার হাতে একটি টি-শার্ট ধরিয়ে দেন।
 
 
দিল্লি পুলিশ জানিয়েছে, এতেই মালিকের উপর ক্ষেপে যান ধ্যান সিংহ। এরপর তার বন্ধু ইয়াকুবকে নিয়ে পরিকল্পনা করেন প্রতিশোধ নেওয়ার। বন্ধু ইয়াকুবের সাহায্যে ৭০ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছিলেন ধ্যান সিংহ। এই টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য ধ্যান সিংহের কাছে দিয়েছিলেন মালিক।
 
ইয়াকুবকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর ইয়াকুব তাদের ছকের সবটাই পুলিশকে জানান। তিনি বলেন, ধ্যান সিংহের তিন মেয়ে। তাদের বিয়ে নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন তিনি। তার মধ্যে মালিকের এমন ব্যবহারে কষ্ট পেয়েছিলেন। ডাকাতদের সঙ্গে মারামারি করে আহতও হয়েছিলেন। 
 
 
দিল্লি পুলিশের অতিরিক্ত কমিশনার রাজিব রঞ্জন জানান, এ ঘটনায় করা মামলার তদন্ত শুরু হয়েছে। এখন আসামি ধ্যান সিংহের খোঁজ চলছে। খবর: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস
 
ইত্তেফাক/জেডএইচ