সার্ক বৈঠক শেষের আগেই প্রস্থান সুষমার, সমালোচনায় কুরেশি

জাতিসংঘের সাধারণ সভার অধিবেশনের ফাঁকে চলতে থাকা সার্কের বিভিন্ন দেশের মন্ত্রীদের বৈঠক থেকে মাঝপথেই বিদায় নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তার এই চলে যাওয়ার সমালোচনা করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। 
 
কুরেশিকে উদ্ধৃত করে এনডিটিভি বলেছে, সার্কের মধ্যে থাকা দেশগুলির অগ্রগতির ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে  একটা দেশ। তিনি (সুষমা) আচমকাই বৈঠক ছেড়ে চলে গেলেন। আমার মনে হয় তার শরীর ভাল ছিল না। যদিও সূত্রের খবর, বিদেশ মন্ত্রীর অন্য কয়েকটি বৈঠকে যোগ দেওয়ার  কথা  ছিল। আর তাই এই বৈঠকের শেষ পর্যন্ত থাকতে পারেননি।                                           
                                        
এদিকে, বৈঠকে থাকার সময় পাকিস্তান ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়ে গেছেন সুষমা। তিনি জানিয়েছেন সন্ত্রাসের আবহ বজায় থাকলে অন্য কোনও দেশের সঙ্গে সহযোগিতার রাস্তায় হাঁটবে না ভারত। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাস বড় আকার ধারণ করছে। শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও প্রধান প্রতিবন্ধকতা এই সন্ত্রাসবাদ।  আর তাই সন্ত্রাসবাদকে সমূলে বিনাশ করতে হবে।  সেটা করতে  উচ্চ পর্যায়ের বৈঠকের উপর জোর দেন তিনি।
 
উল্লেখ্য, এই সাধারণ অধিবেশনের ফাঁকে কুরেশির সঙ্গে বৈঠক করার কথা ছিল সুষমার। কিন্তু কাশ্মীরে তিন পুলিশ কর্মীকে জঙ্গিরা অপহরণ করে হত্যার পর তা বাতিল করে দেয় ভারত সরকার। - এনডিটিভি
 
ইত্তেফাক/ জেআর