ইরান থেকে তেল কেনার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ইতিমধ্যে ইরান থেকে তেল কেনা হবে বলে সাফ জানিয়ে দিয়েছে চীন। চীনের পর এবার ভারতও ইরান থেকে তেল কেনার কথা জানিয়ে দিল।
ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত অন্যতম ক্রেতা। কিন্তু মার্কিন এই নিষেধাজ্ঞার কারণে ভারত ইরান থেকে তেল কিনবে কিনা তা নিয়ে যথেষ্ট উদ্বেগ ছিল। অবশেষে সেই উদ্বেগ কাটল। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে ইরানের বিদেশমন্ত্রী জানান, ভারত ইরান থেকে তেল কিনবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাও অব্যাহত থাকবে।
জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে তেল কেনার বিষয়ে আলোচনায় বসে ভারত এবং ইরান। উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এবং ইরানের বিদেশমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। বৈঠক শেষে জারিফ জানান, ভারত ইরান থেকে তেল কিনবে এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা অব্যাহত থাকবে।
তবে এ ব্যাপারে এখন পর্যন্ত ভারত থেকে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, গত মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ইরান পরমাণু চুক্তি থেকে সরিয়ে নেন এবং দেশটির ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এছাড়াও ইরানের তেল রফতানি শূন্যের কোটায় নামিয়ে আনতে ট্রাম্প প্রশাসন দেশটির উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে, যা আগামী ৪ নভেম্বর থেকে কার্যকর হবে। শুধু তাই নয়, এই নিষেধাজ্ঞা যে দেশ মানবে না সেই দেশের উপর কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।
ইত্তেফাক/এসআর