বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পিডিবির কর্মচারী লিটন শেখ (৪২) নিহত হয়েছেন। রবিবার দুপুরে মোংলা- মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার সাধের বটতলা মোড়ে কাঠ বোঝাই নছিমুনের পিছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এ সময় জব্বার শেখ নামের অপর একজন কর্মচারী গুরুতর আহত হন। নিহত লিটন শেখ খুলনার শেখ পাড়া এলাকার তোতা মিয়ার ছেলে।
কাটাখালী হাইওয়ে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. খালিদ হাসান জানান, গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার বিদ্যুৎ বিভাগের দুই কর্মচারী একটি মোটরসাইকেলযোগে খুলনায় আসছিল। এ সময় তারা সাধের বটতলা মোড়ে এলে দাঁড়িয়ে থাকা একটি কাঠ বোঝাই নছিমনের পেছনে খুব জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই লিটন শেখ মারা যান। এ সময় স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় অপর কর্মচারী জব্বারকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়।
ইত্তেফাক/নূহু