রাজশাহীতে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীতে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, কৃষক মনসুর রহমান (৪৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
 
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর উপকণ্ঠ কাটাখালির হরিয়ান পূর্বপাড়ার একটি আম বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ‍পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
মহানগরীর কাটাখালী থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, রবিবার রাতের কোনো এক সময় নিজ বাড়ি থেকে একটু দূরে আম বাগানে রশির সঙ্গে গলায় ফাঁস দিয়ে মনসুর রহমান আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
 

ইত্তেফাক/এএম