কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২টি কেন্দ্রে স্থগিতকৃত ভোট অনুষ্ঠিত হবে আগামী ৩ অক্টোবর। ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কাউখালীতে বিজিবির অস্থায়ী ক্যাম্প বাসানো হয়েছে। এই অস্থায়ী ক্যাম্পে এক প্লাটুন বিজিবি রয়েছে বলে জানা গেছে। শনিবার রাতে থেকে সরকারি কাউখালী মহাবিদ্যালয়ে বিজিবির এই অস্থায়ী ক্যাম্প বসানো হয়।
বিজিবির অস্থায়ী ক্যাম্পের বিষয়টি নিশ্চিত করে কাউখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমি জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে বিজিবির অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এই অস্থায়ী ক্যাম্প থেকে বিজিবি নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে নিয়মিত টহল দেওয়াসহ আইন শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা করবে।
তিনি আরও জানান, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে বিজিবির এই অস্থায়ী ক্যাম্পটি নির্বাচনের পরের দিন পর্যন্ত থাকবে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২২মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সহিংসতায় কারণে ৫নংশিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত ৪৭নং মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪৬নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় (তালুকদার হাট) কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছিল।
নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ খানের স্বাক্ষরিত চিঠিতে স্থগিত ওই কেন্দ্রের চেয়ারম্যান, ১ ও ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে পুনরায় ভোট গ্রহণের কথা জানান।
এ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দুইজন, ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য ছয়জন এবং সংরক্ষিত আসনে সদস্য পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইত্তেফাক/বিএএফ