পলাশবাড়ীতে থানার নতুন ভবন উদ্বোধন

গাইবান্ধায় পলাশবাড়ীতে নবনির্মিত থানা ভবন উদ্বোধন করা হয়েছে সোমবার। ৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটির উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএম( বার)। এ উপলক্ষে আজ সকাল ১১ টায় থানা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া এমবিএ (আইবিএ)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইজিপি জাবেদ পাটোয়ারি। তিনি তার বক্তব্যে, জঙ্গি, সন্ত্রাস, মাদক, নাশকতার বিরুদ্ধে জিরোটলারেন্স ঘোষণা করেন। তিনি আরও বলেন, দেশ অনেক এগিয়ে গেছে। আপনারা সহযোগিতা করলে দেশ আরও এগিয়ে যাবে। এর আগে তিনি পলাশবাড়ীর স্মৃতি ধরে রাখতে থানা চত্তরে একটি পলাশ ফুলের চারা রোপন করেন।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য, র‌্যাব-১৩ এর অধিনায়ক মোজাম্মেল হক, রংপুর এডিশনাল ডিআইজি আব্দুল মজিদ, রংপুর মোট্রেপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ, গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান প্রমুখ।
 
উপজেলার স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যানগন, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা ছাড়াও জেলা উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা এ সময় উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/নূহু