জাতীয় নারী দলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন রিতুমনির

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রিতুমনি পড়াশুনার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে। রিতুমনির বাবা তার মেয়েকে প্রতিদিন বাড়ির পাশে মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলার নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছেন। বাবার পাশাপাশি ওই এলাকার কয়েকজন যুবকও রিতুমনিকে নিজ উদ্যোগে ক্রিকেট খেলার প্রশিক্ষণ করাচ্ছেন। ইতিমধ্যে এলাকায় নারী ক্রিকেট খেলোয়ার হিসাবে রিতুমনি বেশ পরিচিতি লাভ করেছে। 
 
রিতুমনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের দরিদ্র কৃষক রেজাউল ইসলামের মেয়ে ও মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
 
রিতুমনির বাবা রেজাউল ইসলাম জানান, গরীব ঘরে জন্ম নেওয়া মেয়েটির বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেট খেলোয়ার হওয়ার স্বপ্ন নিশ্চয় আল্লাহ পুরণ করবেন। মেয়েটির ক্রিকেট খেলার প্রতি প্রচণ্ড আগ্রহ দেখে তাকে অনেক কষ্টে ব্যাট, বলসহ অন্যান্য সামগ্রী কিনে দিয়েছি। টেলিভিশনের সব ধরনের ক্রিকেট খেলা সে খুব মনোযোগ সহকারে দেখে। 
 
রিতুমনি জানায়, ক্রিকেট খেলা তার খুব পছন্দের। পড়াশুনার পাশাপাশি স্কুলে ও বাড়ির উঠানে নিয়মিত ক্রিকেট খেলা প্রাকটিস করি। বাবার কাছে বায়না ধরে বল ও ব্যাটসহ বিভিন্ন সামগ্রী কিনে নিয়েছি। বন্ধুদের সঙ্গে বাড়ির উঠানে ও পাড়ার বিভিন্ন জায়গায় ক্রিকেট খেলি।
 
রিতুমনি আরও জানায়, সে ভবিষ্যতে বড় ক্রিকেটার হয়ে দেশের সুনাম অর্জন করে বাবা-মায়ের মুখে হাসি ফুটাবে। এ জন্য সে সবার সহযোগিতা ও আর্শীবাদ চেয়েছে।
 
এ ব্যাপারে রিতুমনির শিক্ষাগুরু ও মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, এ বয়সে রিতুমনির মাঝে ক্রিকেট খেলার প্রতি যে পরিমান আগ্রহ দেখেছি তাতে আমরা আশাবাদী। তার বোলিং ও ব্যাটিং মুগ্ধ করে দেয় এলাকার সবাইকে। রিতুমনির বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পুরণে তার বাবার পাশাপাশি আমরাও সব সময় পাশে আছি। রিতুমনি একদিন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেট খেলোয়ার হবে এ কামনা করছি। তার ভবিষ্যত স্বপ্ন পুরণে পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি অনুরোধ জানাচ্ছি।
 
এ প্রসঙ্গে ফুলবাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ জানান, কৃষক পরিবারের জন্ম নেওয়া মেয়েটির ক্রিকেট খেলার প্রতি যে আগ্রহ ও প্রতিভা বিরাজ করছে তাতে সে এক দিন দেশের নাম করা এক নারী ক্রিকেটার হয়ে দেশের সুনাম অর্জন করবে আমার বিশ্বাস। 
 
ইত্তেফাক/নূহু